প্রিয় তালিবানে ইলম!
বিনয় আদব ও ইলমী নিমগ্নতা শিখুন!
নিজের বর্তমান যিম্মাদারীর প্রতি মনযোগী হোন!
সাধ্যাতীত কাজের ফিকিরে পড়ে সাধ্যের ভেতরের কাজ থেকে গাফেল হওয়া উচিত নয়!
-মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
আমার প্রিয় তালিবানে ইলম!
আপনাদের সামনে আমি সাফ সাফ আরজ করতে চাই যে :
ترسم نہ رسی بہ کعبہ اے اعرابی
کہ ایں راہ کہ تو می روی بترکستان است
আপনি যে পথে চলছেন তা আপনার পূর্বসূরি সালাফ-আকাবিরের পথ নয়। আপনার চলার পথ হল :
১. আসাতেযায়ে কেরামের সাথে আদব ও তাওয়াযুপূর্ণ আচরণ করা।
২. মাদরাসার নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলা।
৩. মাদরাসার ইন্তেযামী ও ব্যবস্থাপনাগত বিষয়াবলিতে দখল না দেওয়া।
৪. স্ট্রাইক বা এ ধরনের যে কোনো কার্যকলাপ থেকে যোজন যোজন দূরে থাকা।
৫. রাজনৈতিক-অরাজনৈতিক, নামধারী বা বেনামী, অজ্ঞাত বা গোপন যে কোনো ধরনের তানযীম বা সংগঠনের সাথে যুক্ত না হওয়া।
৬. তলবে ইলমীর যামানায় সক্রিয় রাজনীতিতে না জড়ানো।
৭. কোনো মাদরাসায় ভর্তি হওয়ার অর্থই হল, মাদরাসার নিয়ম-কানুন এবং মাদরাসা কতৃর্পক্ষের আদেশ-নিষেধ মেনে চলা আমার উপর ফরয।
৮. কোন্ কাজ ‘নাহি আনিল মুনকার’-এর অন্তভুর্ক্ত আর কোন্ কাজ ‘নাহি আনিল মুনকার’ নয়; কোন্ নাহি আনিল মুনকার তালিবে ইলমের দায়িত্বের মাঝে পড়ে আর কোন্টা তার দায়িত্বের মাঝে পড়ে না এবং কোন্ নাহি আনিল মুনকারে শামিল হওয়া তালিবে ইলমের জন্য স্পষ্ট নাজায়েযÑ এসব বিষয়ে যদি মাদরাসা কতৃর্পক্ষের (যারা আমাদের বড় এবং উসতায ও মুরব্বীও) ফয়সালা আর তালিবে ইলমের খেয়ালের সাথে মতবিরোধ হয় তাহলে অপছন্দ হওয়া সত্ত্বেও আদব ও তাওয়াযুর সাথে কতৃর্পক্ষ ও আসাতেযায়ে কেরামের ফয়সালা মত আমল করা কর্তব্য। ইজমায়ে মুতাওয়াতির এবং কাতইয়্যুছ ছুবুত ও কাতইয়্যুদ দালালাহ শরয়ী নছ ছাড়া এক্ষেত্রে তলাবাদের জন্য মাদরাসা কর্তৃপক্ষের বিরোধিতা করার অধিকার নেই।
৯. তলাবায়ে কেরামের আসল কাজ হল তালীম-তরবিয়তে নিমগ্ন থাকা এবং নিজেকে প্রস্তুত করার চেষ্টায় মগ্ন থাকা।
১০. সকল প্রকার অনর্থক কাজ ও অন্যায় দখল-আন্দাজি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।
আশ্চর্যের শেষ থাকে না, যখন শুনি : কাদামাত ও আদব-তাওয়াযুর পতাকাবাহী মাদরাসার তালিবে ইলমরা আজকাল আসাতেযা ও মাদরাসা কতৃর্পক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে; তাও আবার পরীক্ষা চলাকালে। আর তা এমন এক বিষয়ে, যার শরয়ী বিধান কী- তা হয়ত না তাদের জানা আছে, না তাদের গুরুদের!
আমার প্রিয় তালিবানে ইলম! জযবার শিকার না হয়ে বুঝেশুনে কাজ করুন।
সূত্র : মাসিক আলকাউসার, যিলহজ, ১৪৪২ হিজরী, জুলাই ২০২১
