মাযহাব পরিবর্তন করা যাবে কি?

প্রসঙ্গঃ মাজহাব পরিবর্তন করা যাবে কি ?

আজকের বিষয় খুবই গুরুত্ববহ। মাজহাব পরিবর্তন করা যাবে কি না ? অর্থাৎ, কেউ হানাফী মাজহাবের হলে, সে কি মালেকী / শাফেয়ী বা হাম্বলী হতে পারবে ?

এই বিষয়ে আমাদের দেশে যেমন বাড়াবাড়ি আছে, তেমনই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে উপলব্ধির অভাব আছে । কেউ যদি হানাফী হয় এবং অন্য মাজহাবে পরিবর্তন হতে চায় ___ তাহলে কোন আলেম বা বিশেষত হানাফী কেহ তা সাপোর্ট করেন না ৷ বরং, চরম মাত্রায় ধমক দেন। 

এটা অত্যন্ত দুঃখজনক ! মাজহাব বিষয়ে এতো কঠোরতা কখনো কাম্য না ৷ প্রাজ্ঞা ও সহনশীলতার সাথে মাজহাবকে ডিল করতে হবে। নতুবা, ফেতনা-ফাসাদ কখনো অন্ত পাবে না ৷ 

যাইহোক, মাজহাব পরিবর্তন করা যাবে কি না ____ এই প্রশ্নের সোজা উত্তর হলো -

জ্বী, মাজহাব পরিবর্তন করা যাবে৷ অর্থাৎ, আপনার হানাফী মাজহাব এর উপর ইতকান বা পরিতৃপ্তি না আসলে আপনি অন্য মাজহাব অনুসরণ করতে পারেন। এই ক্ষেত্রে শারীয়াহ যেমন বাঁধা দেয় না ; তেমনি চার মাজহাবের উসূল ও মানা করে না। 

দলীল - 

মাজহাবের ক্রমবিকাশ হয়েছে প্রত্যেক ইমামের ছাত্রদের থেকে। আমরা ইতিহাস পড়লে দেখতে পাই, এমন অসংখ্য ইমামদের ছাত্র রয়েছেন ; যারা আপন ইমামের মাজহাব ত্যাগ করে অন্য ইমামের মাজহাব গ্রহণ করেছেন ৷ 

ইমাম শা'রানী রাঃ - মাজহাব পরিবর্তন করার ব্যাপারে ইমাম কারাফী রাঃ থেকে বর্ণনা করেন -

[[ يجوز الانتقال من جميع المذاهب إلى بعضها بعضا ]] 

অর্থাৎ, প্রত্যেক মাজহাবেই এক মাজহাব থেকে অন্য মাজহাব পরিবর্তন হওয়া জাইজ করেছে। (( সূত্রঃ - আল-মিজানুল কোবরা /৩৯)) 

চার মাজহাবের সম্মানীত ইমামগণের ছাত্ররা পরবর্তীতে আপন ইমামের মাজহাব পরিবর্তন করার ব্যাপারে ইমাম সুয়ুতী রাঃ বেশ কিছু আলেমের দৃষ্টান্ত তুলে ধরেছেন -

১. শায়খ আব্দুল আজীজ আল-খাজা'ঈ রাঃ প্রথমে মালেকী মাজহাবের অনুসরণ করতেন। পরবর্তীতে, ইমাম শাফী রাঃ যখন বাগদাদে আগমন করেন ; তখন তিনি শাফেয়ী মাজহাবের অনুসারী হয়ে যান ৷ 

২. ইবরাহীম আল -বাগদাদী রাঃ প্রথমে হানাফী মাজহাবের ছিলেন। পরবর্তীতে, ইমাম শাফী রাঃ যখন বাগদাদে আগমন করলেন ; তখন তিনি শাফেয়ী মাজহাবের অনুরাগী হয়ে যান। 

৩. ইমাম তাহাবী রাঃ প্রথম দিকে শাফেয়ী মাজহাবের প্রসিদ্ধ ইমাম ও অনুরাগী ছিলেন। পরবর্তীতে, তাহাবী রাঃ তাঁর আপন মামা ইমাম মুজনী রাঃ থেকে হানাফী মাজহাবের শিক্ষাদীক্ষা পেলে তিঁনি শাফেয়ী মাজহাব ছেড়ে হানাফী মাজহাবের ইমাম বা অনুসারী হয়ে যান। 

৪. একইভাবে, শাফেয়ী মাজহাবের প্রসিদ্ধ ইমাম খতীব আল-বাগদাদী রাঃ প্রথমে হাম্বলী মাজহাবের ছিলেন। পরবর্তীতে তিঁনি শাফেয়ী মাজহাবের হয়ে যান৷ 

৫. একইভাবে, প্রসিদ্ধ গ্রন্থ - আল'মুজমাল এর মুসান্নীফ ইবনে ফারিস রাঃ প্রথমে শাফী মাজহাবের ছিলেন। পরবর্তীতে, তিঁনি মালেকী মাজহাবের অনুসারী হয়ে যান। 

[[ সূত্র - আল'মিজানুল কোবরা / ৪০]] 

প্রিয় ভাইয়েরা! 
মাজহাব কোন কোরান-হাদিসের সরাসরি স্পষ্ট উদ্ধৃত বিষয় না । বরং, সম্মানীত ইমামগণের ইজতেহাদী বিরাট এক ইলমি খেদমত ও বিরোধপূর্ণ কিংবা অদৃশ্য মাসালার সুবিন্যস্ত সুরাহা মাত্র । যার বিস্তার-বিকাশ সম্মানিত ইমামগণের ছাত্রদের মাধ্যমে হয়েছে। 

অতএব, মাজহাব পরিবর্তন করা যাবে কি না ____ এর দলিল কোরান-হাদিস থেকে না দিয়ে যাদের দ্বারা মাজহাব প্রতিষ্ঠিত হয়েছে তথা সম্মানীত ইমামগণের ছাত্রদের মাজহাব পরিবর্তনের ইতিহাস তুলে ধরলাম। যা থেকে স্পষ্টত বোধগম্য হয় যে, মাজহাব পরিবর্তন করতে শারীয়া কিংবা মাজহাবের উসূলের দৃষ্টিতে কোন রকম বাঁধা নাই। 

কিন্তু, আমার প্রিয় ভাইয়েরা, 
সম্মানীত ভাইয়েরা, যারা মাজহাব পরিবর্তন করা যাবে না -- এই প্রশ্ন আমাকে বারবার করে যাচ্ছেন। আপনাদের তরে আমার দু'টি কথা -

দ্বীনি ভাই! 
দেখুন - মাজহাব আমাদের পর্যন্ত বিরাট একটা দ্বীনি সেবার মাধ্যমে এসেছে । হাজার হাজার আলিম-উলামার লেখালেখি, পড়াপড়ি ও বয়ানের মাধ্যমে আমাদের উপমহাদেশে হানাফী মাজহাব এসেছে। তাই আমরা অগত্যা এই মাজহাব মানি। 

উপরের আলোচনা থেকে মাজহাব পরিবর্তন এর বৈধতা প্রমাণিত হলেও এই না যে, আপনি চাইলেই মাজহাব পরিবর্তন করে নিলেই মুক্তি পেয়ে যাবেন। মাজহাব পরিবর্তন করার আগে নিম্নোক্ত বিষয়াবলী আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে -

আপনি যে মাজহাবের অনুসরণ করতে যাচ্ছেন, আপনার দেশে/জেলায় কিংবা এলাকায় সেই মাজহাবের -

(১) কোন আলিম আছেন কি না ? 
[[ যাতে ঠেকে গেলে তাদের জিজ্ঞাস করতে পারেন ]]

(২) কোন মুফতি আছে কি না ? 
[[ যাতে তাদের থেকে ফতোয়া জিজ্ঞেস করতে পারেন ]]

(৩) কোন মাদ্রাসা/প্রতিষ্ঠান আছে কি না ? 
[[ যাতে আপনি শিখতে চাইলে পড়তে পারেন ]]

(৪) কোন বই/পুস্তক/ফতোয়ার গ্রন্থ আছে কি না ? 
[[ যাতে নিজে নিজে অন্তত স্টাডি করতে চাইলে পেতে পারেন ]]

প্রিয় দ্বীনি ভাইয়েরা, 
সম্মানীত কোন এক ইমামের মাজহাব পরিবর্তন করার আগে যাচাই করে নিবেন যে, উপরোক্ত চারটি বিষয় আপনার আশেপাশে এভেইলেবল কি না ৷ নতুবা, হিতে বিপরীত কাহিনি হতে পারে। কেননা, উপরের আলোচনায় যাদের মাজহাব পরিবর্তন নিয়ে উদাহরণ দেওয়া হয়েছে ; চিন্তা করে দেখুন, তাঁরা ঠিক তখনই মাজহাব পরিবর্তন করেছেন ; যখন সেই মাজহাবের কোন ইমামের সান্নিধ্য পেয়েছেন। তাছাড়াও, তাঁরা সবাই মোটামুটি ইজতেহাদের পর্যায়ের ছিলেন।

মনে করুন, 
আপনি হানাফী থেকে মালেকী মাজহাবে পরিবর্তন হতে চাচ্ছেন। তাহলে আপনাকে ভেবে দেখতে হবে আমাদের দেশে মালেকী মাজহাবের -

→ কোন আলিম আছেন কি না ? 
→ কোন মুফতি আছেন কি না ? 
→ কোন প্রতিষ্ঠান আছে কি না ? 
→ কোন ফতোয়ার বই আছে কি না ? 

যদি পান, তাহলে আপনি নির্দ্বিধায় মালেকী মাজহাবে পরিবর্তন হতে পারেন। নতুবা, আপনার জন্য মহৎ ও কল্যাণ হলো সেই মাজহাবের উপর থাকা ; যেই মাজহাব আপনার দেশে প্রচলিত রয়েছে। যেই মাজহাবের আলিম-উলাম / বইপুস্তক ইত্যাদি আপনার দেশে রয়েছে। জাযাকাল্লাহ খাইরান ! 

 Abdul Karim Al-Madani
ইসলামী আইন ও বিচার বিভাগ ( শারীয়াহ)
মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.